ইমরানের দলের নির্বাচনী প্রচারণায় বোমা হামলা, নিহত ৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বেলুচিস্তান প্রদেশে সিবিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান-ই-তেহরিকের নির্বাচনী প্রচারণায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা।

দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি আসন্ন সাধারণ নির্বাচনের আগে এ বোমা হামলার ঘটনা ঘটল। হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্যা ডন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বেলুচিস্তানের সিবি শহরের জিন্নাহ রোডে বিস্ফোরণটি ঘটে। সে সময় সেখানে পিটিআই এর এনএ-২৫৩ (জিয়ারাত) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী সাদ্দাম তারিনের সমাবেশ চলছিল।

এক বিবৃতিতে পিটিআই জানিয়েছে যে, বোমা বিস্ফোরণে তিনজন পিটিআই কর্মী নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। তবে দলের প্রার্থী সাদ্দাম তারিন অক্ষত রয়েছেন।

সিবি স্টেশন হাউস অফিসার (এসএইচও) জাকাউল্লাহ গুজ্জর জানান, আহতদের সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বোমা হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী বিস্ফোরণস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে’।

এদিকে, বেলুচিস্তানের স্বাস্থ্য সচিব আবদুল্লাহ খান নুরজাই কোয়েটা এবং সিবি জুড়ে হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছেন। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের একটি বিবৃতিতে তিনি আহতদের সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা জারি করেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে, পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে যে, তারা ঘটনাটি নোটিশ করেছে এবং বেলুচিস্তানের মুখ্য সচিব ও পুলিশ প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন তলব করেছে।