নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন তিনি। গতকাল বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই নির্মাতা।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মেয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে একমাত্র মেয়ে ইলহামের সঙ্গে ফারুকীকে খেলতে দেখা গেছে।
ছবির ক্যাপশনে লেখা, ‘২৯ তারিখ (গতকাল) মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’
নির্মাতা ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ইলহাম নুসরাত ফারুকী।
ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তাঁর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।