মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন ইব্রাহিম ইস্কান্দার। আজ দেশটির জোহর রাজ্যের এই সুলতান রাজা হিসেবে শপথ নিয়েছেন, এর মাধ্যমেই অভিষেক হয়েছে তার। আগামী ৫ বছর এই পদে থাকবেন ইব্রাহিম। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ (৩১ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ শতাধিক অতিথি অংশ যোগ দিয়েছিলেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে ৬৫ বছর বয়সী ইব্রাহিম বর্তমান রাজা সুলতান আবদুল্লাহ আহমেদ শাহের স্থলাভিষিক্ত হলেন। সুলতান আবদুল্লাহ তার পাঁচ বছরের মেয়াদ শেষ করায় নিজ রাজ্য পাহাংয়ের নেতৃত্বে ফিরে যাবেন।
রয়টার্সের তথ্যানুযায়ী, মালয়েশিয়ায় এক ধরনের ব্যতিক্রমী রাজতন্ত্র চালু আছে। দেশটির ১৩টি প্রদেশের ৯টি’র প্রত্যেকটিতে এক একটি প্রাচীন রাজনৈতিক পরিবার রয়েছে। এসব পরিবার থেকেই চক্রাকারে প্রতি পাঁচ বছরের জন্য বেছে নেওয়া হয় রাজাকে। প্রত্যেক পরিবারের সর্বজ্যেষ্ঠ সদস্য এই পদে আসীন হওয়ার যোগ্যতা রাখেন।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই প্রথা চালু রয়েছে দেশটিতে। মালয়েশিয়ার রাজতন্ত্রকে বর্তমানে বিশ্বের বৃহত্তম রাজতন্ত্র বলে গণ্য করা হয়।
মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত। দেশটিতে রাষ্ট্রপ্রধানের পদটি নির্ধারিত থাকে রাজার জন্য। সাংবিধানিকভাবে মালয়েশিয়ার রাজার মেয়াদ ৫ বছর এবং তার ক্ষমতা বেশ সীমিত অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়োগ, পার্লামেন্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তা ভেঙে দেওয়া এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে শাসন সংক্রান্ত পরামর্শ দেওয়া, সর্বোচ্চ আদালতে দোষী অপরাধীকে ক্ষমা করা- প্রভৃতির মধ্যেই তার ক্ষমতা সীমাবদ্ধ। অর্থাৎ তার মর্যাদা মন্ত্রী পরিষদ শাসিত দেশের রাষ্ট্রপতির মতো।
মালয়েশিয়ায় রাজতন্ত্রকে মূলত রাজনীতির ঊর্ধ্বে দেখা হয়, তবে গত কয়েক বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক অস্থিতিশীলতা চলমান থাকায় দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে দিন দিন রাজার প্রভাব বাড়ছে। সুলতান ইব্রাহিম তার স্পষ্টবাদীতা ও দৃঢ় ব্যক্তিত্বের জন্য বেশ আলোচিত। প্রায়শই দেশের রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেন থাকেন।