পেশায় কৌতুকশিল্পী হলেও কম ফাঁপরে পড়তে হয়নি মুনাওয়ার ফারুকীকে। হিন্দুত্ববাদীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এক সময় জেলেও যেতে হয়েছিল তাকে। দেশের একাধিক রাজ্যে পারফর্ম করতে গিয়েও বাধা পেয়েছিলেন। কৌতুকশিল্পী হিসাবে জীবিকা অর্জন করার পথে বার বার হোঁচট খেয়েছেন। তার পরেই কমেডিয়ান থেকে ধীরে ধীরে সমাজমাধ্যমের প্রভাবী হিসাবে নিজেকে তৈরি করেন। অংশগ্রহণ করেছিলেন কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘লক আপ’ নামক এক রিয়েলিটি শোয়ে। প্রথম রিয়েলিটি শোয়েই বিজয়ী হন মুনাওয়ার। তার পরে আসে ‘বিগ বস ১৭’-এর সুযোগ। সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। প্রায় সাড়ে তিন মাসের যাত্রা শেষে বিজয়ীর শিরোপা অর্জন করেছেন। তবে তার পরেও ফাঁড়া কাটেনি তার। ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়েই ফের আইনি জটে মুনাওয়ার।
রবিবার ‘বিগ বস্ ১৭’-এর ফাইনালের পর সোমবার মুম্বাইয়ের ডোংরিতে ফেরেন মুনাওয়ার। ডোংরিতেই তার বড় হয়ে ওঠা। সাফল্য অর্জন করার পর নিজের শিকড়েই ফিরতে চেয়েছিলেন তিনি। মুনাওয়ার ডোংরিতে পৌঁছলে তাকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন তার অনুরাগীরা। মুনাওয়ারকে নিয়ে রীতিমতো বিজয়মিছিল শুরু করেন তারা। সেই উদযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়।
মুম্বাই পুলিশের দাবি, যে ড্রোনের মাধ্যমে ওই ছবি ও ভিডিওগুলি তোলা হয়েছে, সেগুলির কোনও রেজিস্ট্রেশন হয়নি। সেই অভিযোগেই এফআইআর দায়ের করা হয়েছে ক্যামেরাম্যানের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে তার ক্যামেরা ও ড্রোনও। যদিও এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুনাওয়ারের কাছ থেকে।
গত বছর অক্টোবর মাসে শুরু হয়েছিল ‘বিগ বস ১৭’। গত রবিবার ফাইনাল পর্বে ঘোষিত হয় চলতি সিজনের বিজয়ীর নাম। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে, প্রিয়াঙ্কা চোপড়ার বোন ও দক্ষিণী অভিনেত্রী মান্নারা চোপড়াকে টেক্কা দিয়ে বিজয়ী ট্রফি তুলে নেন মুনাওয়ার। তবে মুনাওয়ারের দাবি, সেই জয়ের জন্য নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ‘বিগ বস’-এর ঘরে টিকে থাকতে গিয়ে নাকি বিপর্যস্ত হয়েছে তার মানসিক স্বাস্থ্য, জানান তিনি।