অপরাধ দমনে সাংবাদিকদের অবদান উল্লেখযোগ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাংবাদিকতা পেশাকে আমি শ্রদ্ধার চোখে দেখি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অনেক ক্লুলেস অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখছেন তারা।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্যে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাতে মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় এবং সংগঠনের নানা বিষয় তুলে ধরা হয়।
আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশকে নিরাপদ বাসভূমি করতে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। জনগণের জান-মালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। সঙ্গে সাংবাদিকরাও কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ক্রাইম রিপোর্টাররা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।
অপরাধ দমনে সাংবাদিকরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে উল্লেখ করে মন্ত্রী ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান বাংলাদেশের আইনশৃঙ্খলা ও বাজার-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ক্র্যাবের রেজিস্ট্রেশন পাওয়ার বিষয়ে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আলমগীর হোসেন, সিনিয়ার তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু, ক্র্যাবের সহসভাপতি শাহীন আব্দুল বারী, অর্থ সম্পাদক হয়লাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজি, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আলম, নির্বাহী সদস্য আলী আজম ও কালিমউল্ল্যাহ।