অনিয়ম-দুর্নীতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে তারা এ অভিযান চালিয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে দুদকের ৬ জন সদস্য এ অভিযানে অংশ নেন।
তারা হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীদের খাবারের মান ও তালিকা সংগ্রহ করেছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি বিষয়ে তারা সত্যতা পেয়েছেন। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ও সরকারি ঔষধের তালিকাও সংগ্রহ করেছেন।
কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছি। নথিপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দেয়া হবে। কমিশন অনিয়ম দুর্নীতির বিষয়টি প্রকাশ করবেন।