মিয়ানমারে সংঘর্ষ: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়া নিরাপত্তা 

মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে টেকনাফ উপকূলে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল ও নিরপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ স্বাক্ষিরত এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি মিয়ানমারের জান্তা বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে অব্যাহত সংঘাত ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে রয়েছে দেশের সীমান্তবর্তী উপকূলের বাসিন্দারা। সেই সুযোগকে কাজে লাগিয়ে মানব পাচার, চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশসহ নতুন ভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্রে সার্বক্ষণিক টহল দিচ্ছেন তারা। শাহপরী দ্বীপ, টেকনাফ,  বাহারছড়া ও সেন্টমার্টিনে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে।