নেত্রকোণার কলমাকান্দা পোগলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক মো. নাছির উদ্দীন খান মিন্টুর বিরুদ্ধে সরকারি ওষুধ চুরির অভিযোগ উঠেছে। ওষুধ চুরির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী কর্মকর্তা নাজমুন আরা খানমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার আমবাড়ী এলাকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে একটি ব্যাগ থেকে ওই কর্মকর্তাকে ওষুধ বের করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হাসপাতালের ওষুধ চুরির অভিযোগে তদন্ত কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।