একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোরে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী দুজনার মৃত্যু হয়ে়ছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন লালপুর উপজেলার ধুপইল এলাকার বাসিন্দা স্বামী আব্দুর রহিম (৫০) এবং স্ত্রী রওশন আরা(৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহরের একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিলেন। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রওশন আরা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা স্বামীসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নাটোর সদর থানার (তদন্ত) আবু রায়হান বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে  জানান।