সাভারে বায়ুদূষণকারী ৭ ইটভাটাকে ৪৫ লাখ টাকা জরিমানা

ঢাকার সাভার ও ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের ছাড়পত্রবিহীন সাতটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ৭ ইটভাটাকে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভাটাগুলোর আংশিক ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং প্রধান কার্যালয়ের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং যৌথভাবে এ অভিযান পরিচালনা করে

ইটভাটাগুলোর মধ্যে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকার পল্লী ব্রিকসকে ৭ লাখ টাকা, এইচ এম বি ব্রিকসকে ৬ লাখ, পাশ্ববর্তী ভাড়াড়িয়া ইউনিয়নের ফোর স্টার ব্রিকসকে ৫ লাখ, ইমন ব্রিকসকে ৫ লাখ, পিএইচপি ব্রিকসকে ৬ লাখ, এইচ এম বি ব্রিকসকে ৬ লাখ ও এন এ এম ব্রিকসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক প্রতীক ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকীব, সহকারী পরিচালক মো. মোজাফফর খান, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার।
 
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক বায়ুদূষণকারী ইটভাটাসমূহের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি ইটভাটাকে সর্বমোট ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর কিছু অংশ ভেঙ্গে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।