যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে গেছেন। এখনো সেখানেই অবস্থান করছেন তিনি। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে একটি নাটকে অভিনয় করেছেন। বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এবার প্রবাসেই কাজ শুরু করেছেন নতুন সিনেমার। মৌসুমীর নতুন সিনেমার নাম ‘অর্ধাঙ্গিনী’।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন সৈয়দ আর ইমন। প্রযোজনায় আছেন এমডি তরিকুল ইসলাম মিঠু। সিনেমার শুটিংয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই দেখা গেছে মৌসুমীকে। কালো শাড়ি ও কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রযোজকের পক্ষ থেকে সিনেমার একটি পোস্টার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। তবে সিনেমাটি কবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে তিনি আরও একটি কাজ শেষ করেছেন। এর নাম ও বিস্তারিত জানা যায়নি। এটি পরিচালনা করেছেন ‘মৃধা বনাম মৃধা’খ্যাত পরিচালক রনি ভৌমিক। টোস্টার প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন অলিভ আহমেদ। এদিকে কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা হবে মৌসুমী দেশে ফেরার পর। মৌসুমী বলেন, “ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। সেই অবস্থা হয়েছে আমারও। যুক্তরাষ্ট্রে এসেও শুটিং করছি। খুবই দারুণ লাগছে। বেশ কিছু কাজ করেও ফেলেছি। তবে অপেক্ষায় আছি দেশে ফেরার। অনেক দিন দেখা হয় না প্রিয় মানুষদের সঙ্গে। পাশাপাশি ‘সোনার চর’ সিনেমার প্রচারণাও শুরু করতে হবে।”