আওয়ামী মার্কা দুর্নীতির নজির বিশ্বে নেই : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুর্নীতি হয়তো সারা বিশে^ই কমবেশি থাকতে পারে। কিন্তু আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্কতিলক বিশ্বব্যাপী আর কোথাও আছে বলে আমাদের জানা নেই। বিশে^র কোথাও নেই। কারণ এ দেশে একটা বালিশের দাম ২৭ হাজার টাকা, বালিশের কাভারের দাম ২৮ হাজার টাকা।’ গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘দুর্নীতি সারা বিশ্বেই কমবেশি আছে। দুর্নীতির অপবাদটা যেভাবে বাংলাদেশ নিয়ে দেওয়া হয়, তা মোটেও সত্য নয়।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) দুর্নীতির সূচক প্রকাশের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কত হাজার কোটি টাকা আত্মসাৎ করলে সেটিকে আওয়ামী পরিভাষায় দুর্নীতি হিসেবে গণ্য করা হবে। ওবায়দুল কাদেরের কথায় মনে হচ্ছে যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।’