র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত এক বছরে র্যাগিংয়ের অভিযোগে প্রায় ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকৃতপক্ষে দোষী নন। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এসব বিষয় পুনরায় বিবেচনা করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, ‘যারা আন্দোলন করছে তাদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। অ্যান্টি র্যাগিং কমিটি এবং প্রশাসন কর্তৃপক্ষ একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কোনোভাবেই কাম্য নয়।’