কেন্দুয়ায় এক রাতে ৯ গরু চুরি

নেত্রকোনার কেন্দুয়ায় একই বাড়ি থেকে নয়টি গরু চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার রায়পুর গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে গরুগুলো চুরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর ভূঁইয়া বাড়ি গ্রামের হারুন অর রশিদ ভূঁইয়ার তিনটি, আবদুল খালেক ভূঁইয়ার দুটি ও ফজর আলী ভূঁইয়ার চারটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার রাতে প্রত্যেকেই নিজ নিজ গোয়ালে গরু তালাবদ্ধ করে রাখেন। সকালে গিয়ে তারা দেখতে পান গোয়ালের তালা ভাঙা, দরজা খোলা এবং ভেতরে কোনো গরু নেই।

গরুর মালিক হারুন অর রশিদ ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার রাতে গরুগুলো ঘরে রেখে দরজা তালাবদ্ধ করে রেখেছিলাম। সকালে গরু বের করতে এসে দেখি দরজার তালা ভাঙা। গরুগুলো চুরি করে নিয়ে গেছে। বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেও পাইনি।’