সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার কথা বলে কাজ করছিল একটি চক্র। জয়পুরহাটে একটি কলেজের অধ্যক্ষসহ এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়।
গতকাল বুধবার বিকেলে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবির উচাই কলেজের প্রিন্সিপাল রুস্তম আলী, বগুড়ার গোকুল এলাকার ইশান ইমতিয়াজ হৃদয় ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের রোকনুজ্জামান রোকন। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, গ্রেপ্তার আসামিরা বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। বিভিন্ন জেলায় প্রতারণা করার জন্য তারা নেটওয়ার্ক বিস্তার করেন। এ চক্রটি টাকার বিনিময়ে আগামী ২ ফেব্রুয়ারি (আগামীকাল) সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রার্থীদের পাস করিয়ে দেবে প্রতিশ্রুতি দিয়ে অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, এটিএম কার্ড, অ্যান্টেনা, ইয়ারপডসহ বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করা হয়।