বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় জড়িত আল-আমিন দেওয়ান ওরফে আযানকে (২৯) দিনাজপুর থেকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া আইফোনসহ অন্যান্য মালামাল।
র্যাব জানায়, গ্রেপ্তার আল-আমিন নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তার মিথ্যা পরিচয়ে এক নারী ক্রিকেটারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের ১৭ দিনের মাথায় তাকে বিয়ে করে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের বিশেষায়িত এই ইউনিটের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
স্বর্ণা আক্তারসহ ৪ নারী ক্রিকেটার প্রায় তিন বছর ধরে রাজধানীর পূর্ব রাজাবাজারের একটি ফ্ল্যাটে বসবাস করে আসছেন। গত সোমবার ওই বাসায় চুরির ঘটনা ঘটে। তার দুটি আইফোন ও ওয়্যারড্রবের তালা ভেঙে সাড়ে ৩ হাজার ডলারসহ মোট সাড়ে ৫ লাখ টাকার জিনিস চুরি যায় বলে অভিযোগ করেন স্বর্ণা আক্তার। একই দিন রাজধানীর শের-ই বাংলা নগর থানায় আল-আমিনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন ক্রিকেটার স্বর্ণা আক্তার। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আল-আমিন মূলত প্রতারণার টার্গেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বড় ব্যবসায়ী পরিচয় দিত এবং ছবি দিয়ে নারীদের আকৃষ্ট করত। এভাবে নারীদের সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তুলত। পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আস্থা অর্জন করে নিয়মিত তাদের সঙ্গে দেখা করত। অনেক ক্ষেত্রে কোনো নারীকে বিয়ে করে বা বিয়ে না করে সুবিধাজনক সময়ে তাদের নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত।