অবৈধ মজুদ খুঁজতে চালের মোকামে খাদ্যমন্ত্রী

অবৈধ মজুদসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখতে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযানে নেমেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল বুধবার দুপুর থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে খাজানগরের বিভিন্ন মিলে এ অভিযান চলে। এ সময় অবৈধভাবে আটা মজুদ করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন  সিলগালা করা হয়। এছাড়াও অবৈধ ধান মজুদের চিত্র পেয়ে আল্লাহর দান রাইস মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়েছে। অভিযানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও  কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  শেখ সোহেল রানা,  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।