কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান মারা গেছেন। গতকাল বুধবার ভার ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নাজিয়া হাশেম তানজি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী এম এজাহেরের কাছে পরাজিত হন আবুল হাশেম খান। অবশ্য ভোটগ্রহণের আগে থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার কারণে এক দিনও প্রচারণায় আসতে পারেননি। এর আগে ২০২১ সালের ১৪ এপ্রিল সাবেক আইনমন্ত্রী এবং ওই আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর উপনির্বাচনে হাশেম খানকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। একই বছরের ১৪ জুলাইয়ের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম খান ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বুড়িচং উপজেলার উত্তর গ্রামে জন্মগ্রহণ করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুস ছালাম বেগ বলেন, বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণ, দুপুর ১২টায় ব্রাহ্মণপাড়া সদর, বাদ জোহর বুড়িচং সদর ও বাদ আসর তার গ্রামের বাড়ির গিলাতলায় জানাজা হবে। পরে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।