নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক ডিএমপি : কমিশনার

ঢাকা মহানগর পুলিশ নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, প্রতিনিয়ত নিত্য নতুন অপরাধ মোকাবেলায় দক্ষতার সঙ্গে কাজ করছে ডিএমপি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনাসভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশে বর্তমানে ৫০টি থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য আছে। ১২টি থানা নিয়ে ৪৯ বছর আগে যাত্রা শুরু করে ডিএমপি। সে সময় এতে ছয় হাজার পুলিশ সদস্য ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনে ক্রাইম বিভাগের পাশাপাশি ডিবি পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া জঙ্গি দমনেও দক্ষতার পরিচয় দেখিয়েছে ডিএমপি। ডিএমপির কাউন্টার টেররিজম জঙ্গিবাদকে সফলতার সঙ্গে দমন করেছে।

সাইবার ক্রাইম প্রতিরোধে ডিএমপি ওয়ান স্টপ সাইবার সেন্টার চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে তিনি।

যানজটমুক্ত একটি স্মার্ট নগরী গড়তে ডিএমপি চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, যানজট ঢাকা শহরে অন্যতম একটি সমস্যা। এই সমস্যা সমাধানে সকল সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। আমরা এমন একটি ঢাকা করতে চাই সেখানে উত্তরা থেকে ১৫ মিনিটে গুলিস্তান আসা যায়। সকলের সহযোগিতায় আমরা স্মার্ট ডিএমপি করতে চাই।

নারীসহ সবার জন্য নিরাপদ ঢাকা গড়ার লক্ষ্য ডিএমপির, এমন তথ্য জানিয়ে কমিশনার বলেন, আমরা একটি নিরাপদ ঢাকা গড়তে চাই, যেখানে একজন নারী রাত ৩টার সময়ও সড়কে একা নিজেকে নিরাপদ মনে করবে। রাত ৩টায় চলাচল করলেও তার মনে হবে পেছনে একজন পুলিশ সদস্য আছে।