লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতিরা। জাহাজটির নাম কেওআই। ইয়েমেনে হুতিদের ওপর ইঙ্গ-মার্কিন হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার সর্বশেষ ঘটনা এটি।
এর আগে হুতিরা দাবি করে তারা লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজেও হামলা করেছে। ‘ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি’ তে কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি তাদের। তবে যুক্তরাষ্ট্র এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে।
এদিকে বৃহস্পতিবার ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, হুতিদের ১০টি সামরিক ড্রোন, একটি জাহাজ ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিয়ন্ত্রণ স্টেশন ধ্বংস করেছে মার্কিন বাহিনী।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তার প্রায় ১ মাস পর নভেম্বরে ইয়েমেনের ভূখণ্ডের অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহী গোষ্ঠী এডেন উপসাগর ও লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার চালানোর ঘোষণা দেয়। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি নিয়েছে তারা।
তারপর নভেম্বর-ডিসেম্বর দু’মাসে এডেন উপসাগর ও লোহিত সাগরে ৬০ বারেরও বেশি হামলা চালানোর পর গত জানুয়ারি মাসে হুতিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয় মার্কিন ও ব্রিটিশ বাহিনী।