অবসরের দুই মাসের মাথায়ই ফেরার ইঙ্গিত ইমাদের

হুট করেই গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ইমাদ ওয়াসিম। পাকিস্তান ক্রিকেটের পরিচালক মোহাম্মদ হাফিজ নিশ্চয়তায় দিয়েছিলেন তিনি আছেন ভবিষ্যতের পরিকল্পনায়। তারপরও নিয়েছিলেন অবসর। তবে দুই মাসের মধ্যেই আবার সুর বদলালেন ইমাদ।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম। দিন শেষে এটা আমারই সিদ্ধান্ত। কিন্তু আপনি কখনো জানেন না, পাকিস্তানের কখন আপনাকে প্রয়োজন হবে।’

পাকিস্তানের এই স্পিন বোলিং অলরাউন্ডার ফেরার একটি শর্তও দিয়েছেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা চাই। এটা আমাকে দায়িত্ব দেওয়ার বিষয়, একজন অধিনায়ক হিসেবেই নয়, সিনিয়র খেলোয়াড় হিসেবেও। দলকে আমি যেখানে নিয়ে যেতে চাই, সেখানে নেওয়ার দায়িত্ব দেওয়া হোক, সিনিয়র খেলোয়াড়েরা দলকে কোথায় নিয়ে যেতে চায়। পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, এটাই আমি চাই, ঠিক সমন্বয় আর ঠিক কৌশলে খেলুক।’

কেন অবসর নিয়েছিলেন সেই ব্যাখ্যায় গত নভেম্বরে ইমাদ বলেছিলেন, ‘মানসিক দিক থেকে আমি সঠিক অবস্থায় ছিলাম না। যদি থাকতাম, আমি এমন সিদ্ধান্ত নিতাম না।’

বর্তমানে ইমাদ খেলছেন আইএল টি-টোয়েন্টি লিগে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে ৬ ম্যাচে উইকেট নিয়েছেন ৫টি। ২০১৫ সালে অভিষেক হওয়া ইমাদ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাকিস্তানের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তাঁর উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ৬৬টি টি-টোয়েন্টি খেলে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান।