আর্জেন্টিনাকে সামলানো অস্ট্রেলিয়া ভয় পাচ্ছে না কোরিয়াকে

এএফসি এশিয়ান কাপে দারুণ ছন্দে এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। আগামীকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে সন হিউং-মিনের দক্ষিণ কোরিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সন এবং তার দল কোরিয়াকে ভয় পাচ্ছে না অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার ভয় না পাওয়ার পেছনে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা!

২০১৫ এশিয়ান কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়েই শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের যোগ করা সময়ে সন গোল করে খেলা নিয়েছিলেন অতিরিক্ত সময়ে। যদিও শেষ পর্যন্ত ২-১ গোলে জেতে অস্ট্রেলিয়া।

৯ বছর পর সন আরও অভিজ্ঞ। সন দুর্ভাবনার কারণ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড মজা করে বলেন, 'আনজেকে আমি ফোন করেছিলাম (পোস্তেকোগলু, টটেনহ্যামের অস্ট্রেলিয়ান কোচ), জিজ্ঞাসা করলাম, সে সনকে এখান থেকে ফিরিয়ে নেবে কিনা!' 

আর অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আজিজ বেহিচ কথা বলতে যেয়ে টেনে আনলেন আর্জেন্টিনা দলকে। আজিজ বলেন, 'আমাদের ডিফেন্সিভ রেকর্ড ভালো। এমনকি বিশ্বকাপে, আর্জেন্টিনার বিপক্ষে (ম্যাচের আগে) কেউ আমাদের গোণায়ই ধরেনি। তারা বলেছিল যে, আমরা উড়ে যাব এবং প্রথমার্ধেই সব শেষ হয়ে যাবে। দল হিসেবে রক্ষণ সামলানোর ক্ষেত্রে আমরা নিজেদের নিয়ে গর্বিত, এটা কেবল পেছনের চার জনের বিষয় নয়। এই টুর্নামেন্টে আমরা সেটা দেখিয়েছি।' কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল।

এবার এশিয়ান কাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ৪-০ গোলে হারায় ইন্দোনেশিয়াকে। আর দক্ষিণ কোরিয়া সৌদি আরবকে টাইব্রেকারে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে।