দেশে যে চাল আছে তাতে আমদানি করার প্রয়োজন নেই। চালের বাজার নিয়ে ম্যাসাকার না হয়ে যায় সেজন্য বেসরকারিভাবে চাল আমদানিতে ট্যাক্স ফ্রি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার কথা না এবং বাড়লে প্রশাসন ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, 'রমজানে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। কোনোভাবেই যেন দাম না বাড়ে বা কেউ দাম না বাড়াতে পারে, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।'
চালের বাজারের অস্থিরতা নিয়ে মন্ত্রী ব্যবসায়ীদের লোভকে দায়ী করে বলেন, আমরা মোবাইল কোর্ট করে কাউকে অপমানিত করতে চাই না। যদি কেউ বাধ্য করে তাহলে তো করতেই হয়।
জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সাথে মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা চালকল মালিক ও সাংবাদিকবৃন্দ।