নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে উল্লেখ করে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো ব্যবস্থাই কাজ করছে না।
গতকাল বৃহস্পতিবার রংপুরে জাতীয় পার্টির ১১ সংসদ সদস্যকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারতের পর জিএম কাদের এ কথা বলেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না, ভেতরে ভেতরে অস্থিরতা রয়েছে। বিরোধী দল নেতা বলেন, সাধারণ মানুষের আয় যেভাবে কমছে, সেভাবে জিনিসপত্রের দাম কমছে না। মানুষ কষ্টে আছে, ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
জিএম কাদের দাবি করেন, ‘আমরা প্রথম দিন থেকেই সেটা বলে আসছি। দ্রব্যমূল্যের দাম সহনীয় করতে না পারলে, সামনের দিকে সরকারের দিনগুলো সুখকর হবে না।’
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে জিএম কাদের যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে অসন্তোষ জানিয়েছেন সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘আমরা স্পিকারের কাছে আমাদের কী কী প্রত্যাশা তা বলেছি এবং যুক্তি দিয়ে বলেছি। তারপরও অনেকে বলছেন রেওয়াজ ছিল না। রেওয়াজ তো মানুষই তৈরি করে, রেওয়াজ তো কোনো আইন নয়। তা ছাড়া নতুন রেওয়াজ তৈরির জন্য তো মানুষই আগের রেওয়াজ ভাঙে।’
তিনি মনে করেন, সংসদে তার বক্তব্য নিয়ে যারা অসন্তুষ্ট হয়েছেন তারা হয়তো বক্তব্যটা ভালোভাবে বুঝতে পারেননি।