বিজয়ী নৌকার প্রার্থীর গেজেট স্থগিতের আদেশ

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুল হাইকে বিজয়ী করে ইসির গেজেট স্থগিতের আদেশ দিয়েছে হাইকোর্ট। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দিয়েছে।

গেজেট স্থগিতের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের (ইসি) অন্য কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন-সংশ্লিষ্ট ১৭ জনের উদ্দেশ্যে সমন জারি করেছে হাইকোর্ট। তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলেছে আদালত।

রিটকারী পক্ষের আইনজীবীরা বলেন, এ আদেশের ফলে আবদুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত থাকবে এবং তিনি চলতি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন না। আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তাকে সহযোগিতা করেন মো. মজিবুর রহমান।

ঝিনাইদহ-১ আসনে ছয়জন প্রার্থী ছিলেন। ৭ জানুয়ারি ভোটের ফলাফলে আবদুল হাই ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক দেশ রূপান্তরকে বলেন, ভোটের দিন রিটার্নিং অফিসার বিকেল সাড়ে ৪টার দিকে জানান ৪৯ শতাংশ ভোট পড়েছে। কিন্তু পরদিন ফলাফল শিটে বলা হয় ভোট পড়েছে ৫৮ শতাংশ। এটা অস্বাভাবিক।