২০২৩ সালে সিঙ্গারের মুনাফা বেড়েছে ৬১৫%

২০২৩ সালে ৬১৫ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ২০২৩ সালে ৫২ কোটি টাকারও বেশি নিট মুনাফা করেছে। ২০২৩ সালে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রি সার্বিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে না পারলেও মুনাফা ব্যাপকহারে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। সিঙ্গারের পরিচালনা পর্ষদ সাধারণ সভায় নিরীক্ষিত ফলাফলের ভিত্তিতে ২০২৩ সালের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

গ্রস প্রফিট মার্জিন পূর্ববর্তী বছরে ২৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ২৮ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। কৌশলগতভাবে পণ্যের মূল্য নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, উৎপাদন-ভিত্তিক ব্যবসায়িক নীতি গ্রহণ করার ফলে সিঙ্গার এই মুনাফা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ফলে করপরবর্তী মুনাফা ২০২২ সালে ৭ কোটি ৩০ লাখ টাকা থেকে ৬১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৫২ কোটি ২০ লাখ টাকায় উন্নীত হয়েছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৩ পয়সা থেকে ৫ টাকা ২৪ পয়সায় উন্নীত হয়েছে। সামগ্রিকভাবে কোম্পানিটি ২০২৩ সালে ১ হাজার ৭০০ কোটি টাকা রাজস্ব অর্জনে সক্ষম হয়েছে।

বছরজুড়েই মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, এলসি খোলা, ক্রমবর্ধমান আর্থিক ব্যয় বৃদ্ধি, ইউক্রেন যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক সংকট এবং জাতীয় নির্বাচনের সময়কালীন নানাবিধ চ্যালেঞ্জ কোম্পানি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তা সত্ত্বেও, সিঙ্গার এই বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

বিগত বছরের তুলনায় ২০২৩ সালে কোম্পানির সামগ্রিক অর্থায়ন সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেয়েছে।

বিগত বছরের তুলনায় অর্থায়ন ব্যয় ২ শতাংশ বৃদ্ধির কারণে ২০২৩ সালে কোম্পানির এ সংক্রান্ত ব্যয় ১০ শতাংশ বেড়েছে। বিজ্ঞপ্তি