পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বাবর আজম। প্রায়ই তাকে ভক্তদের থেকে শুনতে হয়, কবে বিয়ে করছেন প্রশ্নটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবারও এই প্রশ্নের সম্মুখীন হলেন তিনি। তবে এবার সেটা কোনো ভক্ত থেকে নয়। জাতীয় দলের সতীর্থ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানই এমন প্রশ্ন করেছেন তাকে।
যদিও এমন প্রশ্নের জন্য শুরুতে প্রস্তুত ছিলেন না বাবর। পরে নিজেকে সামলে নিয়ে কিছুটা কৌশলী জবাব দিয়েছেন।
পাক উইকেটকিপার ব্যাটার এদিন সতীর্থকে প্রশ্ন ছুড়ে দেন, ‘কখন বিয়ে করছো?’ জবাবে বাবর বলেন, আমি জানতাম তুমি এটা জিজ্ঞেস করবে। পাল্টা রিজওয়ান বলেন, প্রশ্নের জবাব দিতে হবে। বাবরের উত্তর, আমি তোমাকে গোপনে এটার উত্তর দেবো।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে আছেন রিজওয়ান। বিপিএলের সিলেট পর্বের দুই দিনের বিরতির ফাঁকে গতকাল (বৃহস্পতিবার) রাতে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর আজম। এদিন বড় চমক ছিল আচমকা রিজওয়ানের উপস্থিতি!