নিখোঁজের পরের দিন কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের একটি পুকুর থেকে ৪ বছর বয়সী আবিদ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে ওই ইউনিয়নের জুমছড়ি গ্রামের স্লুইস গেইট এলাকা সংলগ্ন পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে আবিদ নিখোঁজ হয়। তবে পরিবারের দাবী আবিদকে অপহরণ করা হয়েছিল। নিহত আবিদ ওই এলাকার মো. ইসহাকের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পিএমখালীর জুমছড়ি এলাকায় স্লুইসগেটের পাশে একজন কৃষক ভাসমান অবস্থায় শিশুর মরদেহটি দেখতে পায়। পরে তিনি এলাকাবাসীকে জানান।
আবিদের মামা বদিউল আলম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে আবিদকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। এরপর মোবাইলে ফোন করে এক লোক রাত ৮ টার দিকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লিংকরোড এলাকায় যেতে বলে। পরে সেই স্থানে গেলে ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কায়সার হামিদ বলেন, মৃতদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। আর মরদেহটি বসত বাড়ি থেকে প্রায় ১ কি.মি.দূরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবার মরদেহ উদ্ধারের পর শুক্রবার বিকেলে আমাদেরকে মুক্তিপণ চাওয়ার বিষয়টি অবহিত করেছেন। মুক্তিপণ চাওয়া ও পুকুরের দূরত্বের বিষয় দুটি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত কাজ পরিচালনা করছে।