গণঅধিকারের উচ্চতর পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের তফসিল অনুযায়ী সাত জনকে নির্বাচিত করার কথা থাকলেও দুইজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রর্থীদের সর্বসম্মতিক্রমে ৮ জনকে নির্বাচিত করা হয়। 

দলটির গঠনতন্ত্র অনুযায়ী এ নেতারাই মূলত দলটির মূল নীতি নির্ধারক হিসেবে ভূমিকা রাখবেন এবং দলের আহ্বায়ক মিয়া মসিউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসানের পরামর্শকের ভূমিকা পালন করবেন। 

দলের নির্বাচন বোর্ড-এর প্রধান সমন্বয়ক জাকারিয়া পলাশ এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে তাকে সহায়তা করেন বোর্ড সদস্য তামান্না ফেরদৌসি শিখা ও জিয়াউর রহমান। উচ্চতর পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ হলেন, ব্যরিস্টার জিসান মহসীন, আরিফুর রহমান তুহিন, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, আবু সাইদ মুসা, সাদ্দাম হোসেন, প্রকৌশলী এস ফাহিম, চৌধুরী আশরাফুল বারী নোমান ও মাহবুব জনি।

এ নির্বাচন প্রসঙ্গে আহ্বায়ক মিয়া মসিউজ্জামান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণঅধিকার পরিষদ পরিচালিত হবে। তারই অংশ হিসেবে এই নির্বাচন। আমরা বিশ্বাস করি, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আগে দলে গণতন্ত্র চর্চা গুরুত্বপূর্ণ। আমরা দলের সব স্তরে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখব।