কিটক্যাট খেতে চাইলেন কবীর সুমন, আনিয়ে দিয়ে মমতা বললেন—আরও ১০ দিন থাকুন

অসুস্থ কবীর সুমনকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল সোয়া ৪টা নাগাদ মেডিক্যাল কলেজে পৌঁছান তিনি। মিনিট দশেক ছিলেন। সুমনের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা।

সুমন কেমন আছেন জানতে চাইলে মুখ্যমন্ত্রী বলেন, 'আগের চেয়ে ভালো আছেন। কথা বলেছেন। বাড়ি যাব, বাড়ি যাব করছেন। কিন্তু আমি বলেছি, এখন বাড়ি যাওয়া যাবে না। একবার এমন হয়েছে। আবার যখন-তখন এমন হতে পারে। তাই আমি বললাম, এখনও ১০ দিন থাকতে হবে। সুস্থ হয়ে ফিরবেন।'

মুখ্যমন্ত্রী জানালেন, সুমন যেহেতু এখন কথা বলতে পারছেন, তাই অন্য গল্পও হয়েছে। বাংলা খেয়াল নিয়ে কথা বলেছেন সুমন। এ প্রসঙ্গে মমতা বলেন, সুমনের সঙ্গে যেখানেই দেখা হোক, গান নিয়ে কথা হয়। আজও হয়েছে। খেয়াল নিয়ে কথা হলো। ও আমাকে দেখে 'জয় বাংলা' বলল, আমিও বললাম।

মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে গায়ক তার কাছে চকোলেট খাওয়ার আবদার করেন। যাওয়ার সময় মুখ্যমন্ত্রী সুমনের সেই আবদার পূরণও করেছেন। তবে গায়কের যেহেতু ডায়াবেটিস আছে, তাই চিকিৎসকেরা চকোলেটটা বাদ দিয়ে বিস্কুটের অংশটা খাওয়ার অনুমতি দিয়েছেন।

ধীরে ধীরে সঙ্কট কাটিয়ে উঠেছেন কবীর সুমন। মেডিক্যাল কলেজ সূত্র জানায়, আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে গায়কের। অক্সিজেন নির্ভরতাও কমেছে আগের থেকে। সারাক্ষণ অক্সিজেন সাপোর্টের দরকার পড়ছে না। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রয়োজন হলে তবেই অক্সিজেন দেওয়া হবে। যদিও গায়কের ফুসফুস এবং হার্টের সমস্যা রয়েছে। তবে সেসংক্রান্ত উপসর্গগুলো এখন আর ততটা সক্রিয় নয়। উঠে বসতে পারছেন। মাঝেমাঝে হাঁটাচলাও করছেন তিনি।

তবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। যেহেতু হাসপাতালে থাকলে আরও অনেক সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, সে কারণে গায়ককে বাড়ি পাঠানো যায় কি-না, তা নিয়েও ভাবনা-চিন্তা করছেন চিকিৎসকেরা। তবে পুরোটাই নির্ভর করছে সুমনের শারীরিক অবস্থার ওপর। তিনি শারীরিকভাবে কেমন থাকেন, সেটা বিশ্লেষণ করেই বাকি সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।