কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার শিমুলতলা বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাই (৫৮) উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবদুল হাইয়ের সঙ্গে তারই ছোট ভাই আবদুর রশিদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে আবদুল হাই বাজারে গেলে আবদুর রশিদ তাকে ছুরিকাঘাত করেন।
অন্যদিকে, চট্টগ্রামের সীতাকুন্ডে তালা ভেঙে ঘরে ঢুকে দুজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে সৈয়দপুর ইউনিয়নের উত্তর কেদারখিল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মুখোশধারী দুর্বৃত্তরা তালা ভেঙে বোরহান উদ্দিনের ঘরে প্রবেশ করে। এ সময় বোরহান উদ্দিনের শ্বশুর আবুল কাশেম তাদের বাধা দিলে তাকে কোপানো হয়। বোরহান উদ্দিন তাদের ধাওয়া করলে তার ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা।