পরিষদের গাছপালা নিজের মনে করেন চেয়ারম্যান!

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন নিজের মনে করে কেটে নিচ্ছেন পরিষদের গাছ। এর আগেও তিনি পরিষদের গাছ দিয়ে নিজের বাড়ির জন্য তৈরি করেছেন আসবাবপত্র।

গতকাল শুক্রবার জুমার আগে পরিষদে গেলে দেখা যায়, ইউনিয়ন পরিষদের প্রধান ফটকসংলগ্ন একটি মেহগনি এবং একটি বকুল ফুলের গাছ কাটছেন কাঠুরেরা। আর গাছ কাটার তদারক করছেন গোগ্রাম ইউনিয়ন পরিষদের দফাদার শহিদুল ইসলাম। চেয়ারম্যানের ঘনিষ্ট হিসেবে পরিচিত দফাদার শহিদুল ইসলামকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চেয়ারম্যান সাবের নির্দেশেই পরিষদ চত্বরের গাছ কাটা হচ্ছে।’

চেয়ারম্যান মোতালেব হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পরিষদের সীমানাঘেঁষা গাছ কেটে প্রাচীর নির্মাণ করা হবে।’

গাছ কাটার ব্যাপারে পরিষদে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না বা রেজল্যুশন হয়েছে কি না অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসবের কিছুই করা হয়নি।’

তাহলে কাজটা বেআইনি করছেন জানালে তিনি বলেন, ‘বিষয়টি আমার ভুল হয়ে গেছে।’

গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘প্রায় দুই বছর আগে ইউনিয়ন পরিষদসংলগ্ন এক বাসিন্দা একই রকমভাবে পরিষদের একটি গাছ কাটে। বিষয়টি তৎকালীন ইউএনওকে জানালে, তিনি সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়ে পরিষদের জায়গা মাপামাপি করে গাছটি পরিষদের সীমানার মধ্যে হওয়ায় গাছের কাঠ উদ্ধার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান মোতালেব হোসেন সেই গাছের কাঠ দিয়ে নিজের বাড়ির আসবাবপত্র বানিয়ে নেন।’

এ ব্যাপারে খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইরুফা ইয়াসমিনের সঙ্গে কথা বললে তিনি জানান, গাছ কাটার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।