আফ্রিকান কাপ অব নেশনসে সেমিফাইনাল নিশ্চিত করেছে নাইজেরিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র। গতকাল রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে ১–০ গোলে তারা হারায় অ্যাঙ্গোলাকে। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে গিনিকে ৩–১ গোলে হারিয়েছে কঙ্গো প্রজাতন্ত্র। যা আবার টুর্নামেন্টে কঙ্গোর প্রথম জয়। এক জয়েই সেমি নিশ্চিত দলটির।
নাইজেরিয়ার জয়ে একমাত্র গোলটি এসেছে আদেমোলা লোকমানের কাছ থেকে। প্রথমার্ধের ৪১ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন এই আটালান্টা ফরোয়ার্ড। এই এক গোলই শেষ পর্যন্ত নাইজেরিয়াকে পৌঁছে দিয়েছে সেমিফাইনালে।
এ নিয়ে ১৬তম বারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের সেমির টিকিট কাটল নাইজেরিয়া। আর কোনো দল এত বেশিবার নেশনস কাপের সেমিফাইনালে ওঠেনি।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে নাইজেরিয়ান কোচ জোসে পেসেরিও বলেছেন, ‘আরও একটি ম্যাচে আমরা গোল কোনো হজম করিনি। পাশাপাশি আরও একবার আমরা মাত্র এক গোল দিতে পেরেছি। আমি চাই, দল আরও বেশি গোল করুক। ফিনিশিং ভালো হলে আমরা আরও এক বা দুটি গোল করতে পারতাম। তবে আমি আনন্দিত। এটা আমার খেলোয়াড়দের প্রাপ্য ছিল।’
আরেক ম্যাচে কঙ্গো প্রজাতন্ত্র বেশ দাপটেই জিতেছে। যদিও ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোলে লিড নেয় প্রথমবারের মতো শেষ আটের টিকিট পাওয়া গিনি। তবে ৭ মিনিট পর ম্যাচে সমতা ফেরায় কঙ্গো।
এরপর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে প্রথমবারের মতো এগিয়েও যায় তারা। আর ৮২ মিনিটে দারুণ এক ফ্রি কিকে আর্থুর মাসুয়াকো করেন দলের তৃতীয় গোল। এ জয়ে ২০১৫ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালের টিকিট পেল কঙ্গো প্রজাতন্ত্র।
সেমিফাইনাল নিশ্চিত করা কঙ্গোর অবশ্য এটিই প্রতিযোগিতার প্রথম জয়। এর আগে গ্রুপ পর্বের সব ম্যাচে ড্র করে তারা। শেষ ষোলোতেও মিসরের বিপক্ষে ১–১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে গিয়ে ম্যাচ জেতে কঙ্গো প্রজাতন্ত্র। দলের কোচ সেবাস্তিয়ান দেসাবরে বলেছেন, ‘আমরা দারুণ আনন্দিত। কারণ, আমরা এর আগে সব ম্যাচ ড্র করেছি। এখন আমরা ভালো সময়ে একটি জয় পেয়েছি।’