চলতি ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক বা দুই দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসের প্রথমার্ধে দেশের কোথাও কোথাও এক বা দুটি মৃদু শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের নিমিত্ত গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ফেব্রুয়ারি-২০২৪ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক বা দুটি মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধিপাবে তবে তামপাত্রা স্বাভাবিক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক বা দুই দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এ মাসে দেশের প্রধান নদনদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম (.১৫.৮ শতাংশ) বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাখ করায় ০২-০৫, ১২-১৫, ১৭-১৮ ও ২০-৩০ জানুয়ারি দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় (২৮ জানুয়ারি) রেকর্ড করা হয়।