সিলেটের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। এই ম্যাচে কী সাকিবকে দেখা যাবে ব্যাটিংয়ে। কাল ফজলে মাহমুদ রাব্বিও গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আজকের (শনিবার) ম্যাচে সাকিবের ব্যাটিং করার সম্ভাবনা আছে।’ চোখের সমস্যাটা বেশ ভোগাচ্ছে সাকিবকে
গতকাল চট্টগ্রামকে হারিয়ে দারুণ জয় তুলে নেয় কুমিল্লা। জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে একদিন দেখা গিয়েছিল সাকিব তার ব্যাটিং অনুশীলনের সময় শরণাপন্ন হয়েছেন সালাউদ্দিনের কাছে। স্বভাবতই তাকে পেয়ে গণমাধ্যমের প্রশ্ন আসে সাকিব বিষয়ক।
এমন প্রশ্নে তার জবাব ছিল,‘যদি সে ব্যাটিংয়ে ফিরতে না পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’ কুমিল্লার এই কোচ আরো যোগ করেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম সময় আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। সবসময় আমাদের সমস্যা কী, সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, সাকিব ব্যাট হাতে ফেরার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। বিপিএলের শেষ দিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলেও জানান সোহান। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে পাঁচ ম্যাচের চারটিতে খেলেছেন। তাতে দুই ম্যাচে তিনে এবং আটে নেমেছিলেন তিনি। যদিও দুই ম্যাচে ২ রানের বেশি করতে পারেননি।