রাজনীতির চেয়ে মহৎ কিছু নেই: শামীম ওসমান

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, হকার ও যানজট নিরসন করে ক্লিন নারায়ণগঞ্জ গড়তে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব অডিটরিয়ামে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি তার পরিকল্পনার কথা জানান। বৈঠকে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, সেলিম ওসমান এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়কে গাড়ি রেখে যানজট সৃষ্টির কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, 'আমি শামীম ওসমান এমপি হওয়ার পরও গাড়ি রাখার জন্য জায়গা ভাড়া করে রেখে দিয়েছি আর অন্যরা এসে রাস্তায় গাড়ি রেখে দিচ্ছে। এটা আপনাদের দেখা উচিত। আমি আইন মেনে চলছি। আমার মনে হয় আমি এবং আইভী একমত, বিআরটিএর অনুমতি ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। আর বিআরটিএ এতগুলো গাড়ির পারমিশন (অনুমতি) দেবে না যতটুকুর এখানে প্রয়োজন নাই। অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন নারায়ণগঞ্জে যারা বসবাসকারী আছেন, যারা নিজেরা ট্রান্সপোর্ট ব্যবসা করেন। অবশ্যই তাদের আগে মূল্যায়ন করতে হবে। কারণ তারা আমাদের এলাকার মানুষ।

বিআরটিএর সহকারী পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, আইন অনুযায়ী অটোবাইক বা ব্যাটারিচালিত রিকশা চলাচলে সরকারের কোনো অনুমতি নেই। কিন্তু আপনি বললেন এটা সিটি করপোরেশন পারমিশন দিতে পারে কিছু সংখ্যক। কালকে যদি সিটি করপোরেশন এটা পারমিশন দেয়, এই সিটি করপোরেশনের অজুহাতে সারা বাংলাদেশে কিন্তু এটার পারমিশন দিতে বাধ্য হবে। শহরে অটোরিকশা কয়টা চলবে এটার অনুমতি সিটি করপোরেশন কেন দেবে? এটা তো সিটি করপোরেশনের কাজ না। এটা আপনাদের কাজ। আর স্ট্যান্ড কোথায় হবে? আদৌ কী স্ট্যান্ড দরকার আছে এই শহরে? এটা কিন্তু পায়ে হাঁটার শহর। আমার মনে হয় না, এতো দরকার আছে। যদি দরকার থাকে আপনারা সিটি করপোরেশনের সাথে আলাপ করেন নির্দিষ্ট জায়গায় এটা বসবে। কিন্তু একটা জিনিস লক্ষ রাখতে হবে, এরা কিন্তু এমনি এমনি বসে না, এরা সমাজের বহু মানুষকে টাকা দেয়।

হকার ইস্যুতে তিনি বলেন, আমরা মনে করছি আমরা দয়া করছি হকারদের। একটা দোকান মার্কেটের ভেতরে যা ভাড়া দেয়, আমার মনে হয় একটা হকার মাস শেষে তার চেয়ে বেশি টাকা দেয়। তারা হয়তো আমাকে দেয়, নয়তো পুলিশকে দেয় নয়তো কোনো মাস্তানকে দেয় নয়তো সাংবাদিককে দেয়। কাউকে না কাউকে তো টাকা দেয়। এখন কথা হচ্ছে, হকার মুক্ত করতে হবে। এটা একটা দাবি। মেয়র আইভী এটা অনেকদিন ধরে দাবি করে আসছে। ও বলে আসছে সেলিম সাহেব আপনার ভাই অনেকদিন ধরে হকার বসিয়ে আসছে। আমি মাইন্ড করিনি। আমি গরিব মানুষের পক্ষে থাকার লোক। কিন্তু এ কথা যদি বলতে থাকি সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে হকার মুক্ত করতে হবে। হকারমুক্ত করতে চান, আমার তরফ থেকে কোনো বাধা আসবে না। আমরা সিদ্ধান্ত হচ্ছে হকার উচ্ছেদ করলে সবগুলো ওঠাতে হবে। কবে ওঠাবে সিদ্ধান্ত নেন। নিয়ম হচ্ছে, সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেট দিবে পুলিশ তাদের চাহিদাপত্র অনুযায়ী সহযোগিতা করবে।

অটোরিকশা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশার বিষয়ে যা দেখলাম গতকাল শুক্রবার পাঁচবার লোডশেডিং হয়েছে। এটা ডিসি সাহেব আপনি আপনার মতো করে তদন্ত করেবেন। এতবার বিদ্যুৎ যাওয়ার কথা না। এই অটোরিকশাগুলো ব্যাটারি চার্জ করে আমার ধারণা সারা বাংলাদেশে এই ব্যাটারিগুলো কমপক্ষে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট করে। এত বিদ্যুৎ নষ্ট করে আবার টাকা দিয়ে এই গাড়িগুলো চলছে।

মেয়র আইভীকে রাজনীতি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আইভী ছোট তারপরও বয়স হয়েছে। আর আমার বয়স ৬২। তো সারাজীবন রাজনীতি করতে হবে এমপি হতে হবে ওই মানসিকতা নেই। আমি রাজনীতি করতে আসছি। সেলিনা হায়াৎ আইভী সিটি করপোরেশনের মেয়র হয়েছেন রাজনীতি করবেন না। অবশ্যই রাজনীতি করতে হবে আপনাকে। রাজনীতির চেয়ে মহৎ কিছু নেই। কারণ আপনাকে একটা দলের সমর্থন দিয়ে পাস করিয়ে আনা হয়েছে। তবে ভালো কাজটা আমরা সবাই মিলে করব।