দেখে বোঝার উপায় নেই,বইমেলার তৃতীয় দিন আজ। পাঠকদের সরব উপস্থিতি বইমেলার প্রাঙ্গনকে মুখরিত করে রেখেছে। সব বয়সী পাঠকের মাঝে শনিবার নজর কেড়েছে তারুণ্যের উচ্ছ্বাস। ছুটির দিন হওয়ায় কেউ সহপাঠীর সঙ্গে, কেউবা প্রিয়জনের হাত ধরে এসেছেন বইমেলায়। বই দেখছেন, কিনছেন সঙ্গে সেলফিও তুলছেন। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এমন চিত্র দেখা গেছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে দলে দলে এসেছেন তরুণ-তরুণীরা।
মেলার কয়েকটি স্টলের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে , অন্য যেকোনও দিনের তুলনায় আজ তরুণ পাঠকের উপস্থিতি বেশি। তারা দল বেঁধে এসে বই দেখছেন, দু’একটা বইও কিনছেন। তবে সবেমাত্র মেলা শুরু হওয়ার কারণে অনেকে বই দেখলেও কিনতে অনাগ্রহ দেখাচ্ছেন। তবে দিন বাড়ার সঙ্গে বই বিক্রি বাড়বে বলে প্রত্যাশা স্টলে থাকা বিক্রয়কর্মীদের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবু উবায়দা নামের এক শিক্ষার্থী বলেন,‘বইমেলায় এসেছি পছন্দের বই সংগ্রহ করতে। মেলা আসলেই মনে ভালো লাগা কাজ করে। নতুন বইয়ের ঘ্রাণ পাওয়া যায়। আজ কয়েকটা বই কিনেছি, সামনে আরও কিনবো।’