বাসাইলে কলেজছাত্র হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

টাঙ্গাইলের বাসাইলে কলেজছাত্র জিজান হাসান দীপ্ত (১৮) হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে টাঙ্গাইল-সখীপুর সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনার মূলহোতা কিশোর গ্যাংয়ের প্রধান টিকটক শাকিলসহ সব আসামির ফাঁসি দাবি করা হয়। এ সময় কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনারও দাবি জানান তারা। কর্মসূচি থেকে দাবি বাস্তবায়নের জন্য আগামী ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। পরে পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা কর্মসূচি স্থগিত করে।

সমাবেশে উপস্থিত হয়ে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ‘হামলার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে।’ প্রসঙ্গত, জিজান হাসান দীপ্ত গত ২৪ জানুয়ারি বাসাইল দক্ষিণপাড়া এলাকায় তার নানা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ ফেব্রুয়ারি তিনি মারা যান।