নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকারের অলিগার্ক ব্যবসায়ীরা এখন ক্যারিবিয়ান পাসপোর্ট করছে দেশ থেকে পালানোর জন্য। সরকারের অলিগার্করা পালিয়ে গেলেও আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।’
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সীমহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে’ নাগরিক নারী ঐক্যের সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবন চলছে না। সরকার কিছু করতে পারছে না। কারণ এই সরকার নিজেই সিন্ডিকেট। তারা সিন্ডিকেট ভাঙবে কীভাবে? সব চোর-বাটপারদের নিয়ে সরকার বানিয়েছে। এরা জনগণের সম্পদ লুট করবে আর বিদেশে পাচার করবে।’
তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। সরকারের অলিগার্ক ব্যবসায়ীরা এখন ক্যারিবিয়ান পাসপোর্ট করছে দেশ থেকে পালানোর জন্য।’