বঙ্গবন্ধুর সমাধিসৌধে কোস্ট গার্ডের ডিজি এরশাদ আলীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

গতকাল কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, এ সময় কোস্ট গার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টে সব শহীদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সব সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে ডিজি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ড সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি