ফারুক বললেন

স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে

কারাবন্দি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্ত করতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ‘জনগণ আমাদের সঙ্গে থাকলেও কেবল এই রাষ্ট্রযন্ত্রের জন্য কিছু করতে পারছি না। স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কমর্সূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে। অথচ আপনাদের (আওয়ামী লীগ) পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি। এ জন্য বিদেশের মাটিতে আমার নেত্রীর এক ছটাক জায়গা জমিও নেই।’

জয়নুল বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলে ২০১৪ সালে ১৫৪ জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করতেন না, আর ২০২৪ সালের ৭ জানুয়ারির ভোটের কথা না-ইবা বললাম। নির্বাচন কমিশন আমার গরিবের দুই হাজার কোটি টাকা খরচ করে যে নির্বাচন উপহার দিয়েছে বাংলাদেশকে তা ছিল ভাইয়ে ভাইয়ের নির্বাচন, ডামি নির্বাচন, এক দলের নির্বাচন। আর উনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে উনি বলেন, ভোট তো ২৮ শতাংশ হয়েছে। ৫টার সময় কী করে সেই ভোট ৪২ শতাংশ হয়ে যায়?’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারকে বিশ্বাস করা যায় না। এই সরকার মানুষের সেবা করতে জানে না। এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ারবাজার লুট করতে।’