গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।
রোববার ফজরের নামাজের পর থেকেই ইজতেমায় শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
এ সময় মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নামে তুরাগতীরে। ইজতেমার মাঠে জায়গা না পেয়ে তাঁদের অনেকে রাত থেকেই সড়কে অবস্থান নিয়েছিলেন।
অনেকেই মূল মাঠে যেতে না পারলেও যে যেখান থেকে পারছেন দাঁড়িয়ে বা বসে মোনাজাতে অংশ নিয়েছেন। দু-হাত তুলে ফরিয়াদ করছেন মহান আল্লাহর দরবারে।
আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।