ইয়েমেনে হুতি গোষ্ঠীর ৩৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল শনিবার রাতে এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এক বিবৃতিতে ইয়েমেনের মোট ১৩টি স্থানে ৩৬টি হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য জানায় পেন্টাগন।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয় নতুন হামলাগুলোর মাধ্যমে হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুত স্থাপনা, ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং রাডার ব্যবস্থা-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে পেন্টাগন আরও জানায়, ‘আমাদের লক্ষ্য উত্তেজনা কমানো এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধার। কিন্তু হুতি নেতৃত্বের প্রতি আমাদের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করতে দিন। অব্যাহত হুমকির মুখে আমরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে জীবনের সুরক্ষা এবং বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে দ্বিধা করব না।’
এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডসের সমর্থনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনীর নির্দেশে শনিবার যৌথ অভিযান শুরু করা হয়েছে
বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, "এই হামলা বিশ্বব্যাপী বাণিজ্য এবং নিরীহ নাবিকদের জীবনকে হুমকির জন্য ফেলতে হুতিরা যে ক্ষমতা ব্যবহার করে তা রোধ করার উদ্দেশ্যে করা হয়েছে। হুতিদের একাধিক অবৈধ, বিপজ্জনক এবং অস্থিতিশীল কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসাবে এই হামলা।"
এদিকে গতকাল লোহিত সাগরের দিকে নিক্ষেপের জন্য প্রস্তুত করা হুতিদের ছয়টি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।
হামলা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, "এই সম্মিলিত পদক্ষেপ হুতিদের জন্য একটি স্পষ্ট বার্তা যে তারা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের উপর তাদের অবৈধ আক্রমণ বন্ধ না করলে আরও হামলা সহ্য করতে বাধ্য হবে“।