আদালতের এজলাসে আসামিদের জন্য লোহার খাঁচা প্রতিস্থাপনের বৈধতা প্রশ্নে রুল দিয়েছেন উচ্চ আদালত।
এজলাসে এই লোহার খাঁচা কেন সংবিধানের ৩১, ৩২ ও ৩৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হবে না এবং লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া প্রতিস্থাপন কেন করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেযন।
আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
একই সঙ্গে সারা দেশের অধস্তন কোন কোন আদালতের এজলাসে লোহার খাঁচা প্রতিস্থাপন করা হয়েছে সে বিষয়ে আইন সচিবকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।