প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম আন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) । রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ই-মেইলের মাধ্যমে গত বছরের ২৭ এপ্রিল এই হুমকি বার্তা পাঠানো বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করা হবে। পুলিশের ক্ষমতা নেই এই হামলা টেকানোর।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ২০ এপ্রিল প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা করেন সিটিটিসি। পরে গত ২৯ জানুয়ারি সৌদি আবর থেকে তাদের ফিরিয়ে আনা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, দীন ইসলাম ও কবির হোসেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রিমান্ডে আছে।
তিনি বলেন, "গত বছরের ১৭ এপ্রিল বিকাল ৪টা ৫৯ মিনিটে ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইল dmpmediacell@gmail.com এ realmec55ksa@gmail.com ইমেইল হতে একটি হুমকি বার্তা সম্বলিত ইমেইল আসে। ওই ইমেইল-এর সাবজেক্ট লাইনে “Prime Minister Sheikh Hasina will be shot at 4 am on April 27. Bangladesh police do not have the power to prevent this attack”. (২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪ টায় গুলি করা হবে। বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলা টেকানোর, মহারণের সাক্ষী হবে ২৭ এপ্রিল) এবং ইমেইল-এর বডি তে একই হুমকি বার্তা লেখা ছিল।"
আসাদুজ্জামান বলেন, তৎক্ষণাৎ হুমকি বার্তার ভয়াভহতা এবং জাতীয় নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার স্বার্থে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বার্তামূলক ইমেইল প্রেরণকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগকে নির্দেশ দেওয়া হয়। সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি চৌকস টিম গোপনীয় অনুসন্ধান এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে ইমেইল বার্তা প্রেরণকারীকে শনাক্ত করে হুমকি বার্তা প্রেরণকারী ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত হয়। হুমকি বার্তা প্রদানকারীর ইন্টারনেট (আইপি) অ্যাকটিভিটি পর্যালোচনা করে তার অবস্থান সৌদি আরব বলে জানা যায়।
হত্যার হুমকি মামলায় আসামি এবং সহযোগীদের সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি- ইন্টারপোলের মাধ্যমে এবং একই সঙ্গে ডিপ্লোমেটিক চ্যানেল ব্যবহার করে সিটিটিসি। দীর্ঘ প্রক্রিয়ার পর এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত শেষে অবশেষে ২৯ জানুয়ারি সৌদি আরব সরকার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দেশে ফেরত পাঠায়। পরে সিটিটিসি তাদের হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় দীন ইসলামের কাছ থেকে হুমকি প্রদানকারী ইমেইল অ্যাড্রেসটির রিকভারী মোবাইল নম্বরসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।