ফেনীর সোনাগাজীতে অগ্নিকা-ে প্রায় ৩০০ মুরগি ও সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পুড়ে গেছে আরও চার দোকান। গত শনিবার গভীর রাতে পৃথক ঘটনা দুটি ঘটে।
সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের ভোরবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, বাজারে আগুন লাগলে স্থানীয়দের সহায়তায় টহল পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যবসায়ী ফকির আহাম্মদ, আবুল কালাম, আবু তাহের, মনির আহাম্মদ, সাইফুল ইসলাম, সোহাগ ও আলাউদ্দিনের মালিকানাধীন সাতটি দোকান ও ৩০০ মুরগি পুড়ে ছাই হয়ে যায়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য সহকারী কমিশনার (ভূমি) আগুন লাগার স্থান পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পেশ করবেন।’
অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের মধ্যবাজার এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে চারটি দোকান।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে মুদি দোকানি আবদুল মালেকের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে এই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী সজিব মিয়া, মাসুদ ও রিয়াজুদ্দিনের মনিহারি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্য এক শুটকি মাছের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।