কমলনগরে প্রতিপক্ষের হামলায় আহত ৯

জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিপক্ষের হামলায় ৯ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গতকাল রবিবার সকালে উপজেলার পাটোয়ারীর হাট ইউপির বোয়ালী নামক স্থানে এ হামলা চালানো হয়।

আহত মোসলেহ উদ্দিনের ভাষ্যমতে, প্রায় পনেরো বছর আগে তারা বাবা-ছেলে মিলে ৭০ শতাংশ জমি কেনেন। এত দিন ধরে ওই জমিতে চাষাবাদও করছেন তারা। ওই জমির পাশে তিনি আরও ৫০ শতাংশ জমি বায়না করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাকে না জানিয়ে পুরো বায়না করা জমি গোপনে নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। এমনকি মোসলেহ উদ্দিনের বাবা-ছেলের নামে কেনা ৭০ শতাংশ জমিও তারা বিভিন্নভাবে দখলে নেওয়ার চেষ্টা করে। ওই জমিতে চাষাবাদ করতে গেলে তারা বারবার ভাড়াটে লোক এনে হামলা চালায়। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশ-বৈঠক হয়েছে।

তিনি আরও জানান, গতকাল সকালে নিজেদের জমিতে চাষাবাদ করতে গেলে তারা ভাড়াটে লোকজন এনে দেশীয় ধারালো বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতরা হলেন মোসলেহ উদ্দিন, মো. ইব্রাহিম, হাফেজ মো. ইসমাইল, আরিফুল ইসলাম, মো. জসিম, কহিনুর বেগম, জোসনা বেগম, ইয়াসমিন ও শারমিন। প্রতিপক্ষের মো. মোক্তার জানান, তারা ক্রয়সূত্রে ওই জমির মালিক। নিজেদের জমি দখলে গেলে তারা হামলার শিকার হন।

এ ব্যাপারে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিরোধের মারামারিতে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।