পাঠ্যবই থেকে দুই লাইন প্রত্যাহার চান চুন্নু

পাঠ্যবই থেকে দুই লাইন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীকে বলব তিনি যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখেন। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা হচ্ছে। সামান্য জিনিস যেন বড় না হয়। প্রয়োজনে কনসার্ন লোকের সঙ্গে কথা বলে পাঠ্যপুস্তক থেকে দুটি লাইন প্রত্যাহার করলে বিতর্ক থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল রবিবার জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন চুন্নু।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চুন্নু সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ‘শরীফা’র গল্পের প্রসঙ্গ টেনে বলেন, ‘থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ এবং হিজড়ার মধ্যে পার্থক্যটা কী। নিজেকে নিজের জন্মগত লিঙ্গ বাদে অন্য কোনো লিঙ্গ মনে করাটাই ট্রান্সজেন্ডার। বিষয়টি পুরোপুরি মানসিক। হিজড়া যারা, তারা হলেন থার্ড জেন্ডার। বিষয়টি জন্মগত, এটি মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তারাই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত। ট্রান্সজেন্ডার শুধু পশ্চিমা বিশ্বের একটি শ্রেণির মতবাদ। এটা প্রবর্তিত হয়েছে গতানুগতিক সামাজিক ধারণা অর্থাৎ পরিবার ও ধর্মকে ভেঙে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে।’

জিয়া হলের নাম ‘৬ দফা ভবন’ করার দাবি শামীম ওসমানের : নারায়ণগঞ্জের জিয়া হলের স্থানে নতুন ভবন তৈরি করে সেটিকে ‘৬ দফা ভবন’ নামকরণের দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান। এ স্থানটি বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণার স্মৃতিবিজড়িত উল্লেখ করে তিনি এ দাবি জানান।

গতকাল সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে শামীম ওসমান এ দাবি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ওই বিষয়ে আমি সব তথ্য-উপাত্ত সংগ্রহ করব এবং ওই এলাকায় বঙ্গবন্ধুর মর্যদাকে সম্মুন্নত রাখতে যা যা দরকার তা করব। দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

এডিস মশা নিধনে কর্মপরিকল্পনা গ্রহণে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে : এডিস মশা নিধনে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, সারা দেশে মশা নিধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। এ ছাড়া ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সিটি করপোরেশনসহ সারা দেশে কার্যক্রম চলমান রয়েছে। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে : সরকারি দলের মো. মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় ২০২৫ সালের মধ্যে গ্রামাঞ্চলে প্রায় ১০ লাখ ৬৫ হাজার আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হবে। এ ক্ষেত্রে গভীর নলকূপ ছাড়াও পাইপের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা, বৃষ্টির পানির সংরক্ষণ ব্যবস্থা এবং পুকুর খনন ও পুনঃখননসহ সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার স্থাপন করা হবে। বর্তমানে যারা আর্সেনিক ঝুঁকিতে রয়েছে, ২০২৫ সালের মধ্যে তাদের হার শতকরা ৫-৬ ভাগে নামে আসবে।

রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে এমপিদের ক্ষোভ : রাস্তাঘাটের বেহাল দশার কারণে নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা।

গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর বিরোধী দল জাতীয় পার্টির এমপি মো. আশরাফুজ্জামানও সাতক্ষীরা সদরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি দ্রুত সংস্কারের দাবি জানান।

সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সরকারি দলের এসএম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অনেক কাজ, স্কুল-প্রতিষ্ঠান টেন্ডার হওয়ার পর থেকে সেগুলো দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত হয়ে আছে। এখন অবস্থাটা এমন হয়েছে যে, ওই রাস্তাটার কাজ যদি না ধরত তাহলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার কারণে জেলা নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। কিন্তু আমরা জানি কাজগুলো চলমান আছে।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে নির্মাণসামগ্রীর দাম অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।