প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের ১৭ এপ্রিল ইমেইলের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠিয়েছিল তারা। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৭ এপ্রিল ভোর ৪টায় গুলি করা হবে। পুলিশের ক্ষমতা নেই এই হামলা ঠেকানোর।’
গতকাল রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৯ জানুয়ারি সৌদি আরব সরকারের সহযোগিতায় ও দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে তাদের ফিরিয়ে আনা হয়। ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট এ ঘটনার তদন্ত করছে। গ্রেপ্তারকৃতরা এখন পুলিশ হেফাজতে রিমান্ডে আছে। তারা হলো সৌদি প্রবাসী ও সৌদি যুবদলের একাংশের সভাপতি কবির হোসেন ও যুবদল নেতা দীন ইসলাম।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, হত্যার হুমকি মামলায় আসামি এবং সহযোগীদের সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি ইন্টারপোলের মাধ্যমে এবং একই সঙ্গে ডিপ্লোমেটিক চ্যানেল ব্যবহার করে সিটিটিসি। দীর্ঘ প্রক্রিয়ার পর এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত শেষে অবশেষে ২৯ জানুয়ারি সৌদি আরব সরকার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দেশে ফেরত পাঠায়। পরে সিটিটিসি তাদের হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় দীন ইসলামের কাছ থেকে হুমকি প্রদানকারী ইমেইল অ্যাড্রেসটির রিকভারি মোবাইল নম্বরসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।