খুলনায় ইসি আহসান

দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে আইন বদলাতে হবে

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, এপ্রিলের শেষ দিকে চার ধাপে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে।

তিনি গতকাল রবিবার দুপুরে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুলতলা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, নাগরিকসেবা দেওয়ার ক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। স্মার্টকার্ডে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে নাগরিক সম্পর্কে জানা যাবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সেবার ক্ষেত্রে এর প্রয়োজন রয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই স্মার্টকার্ড উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এর ডেটাবেজ সুরক্ষিত, ব্যক্তির চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং ১০ আঙুলের ছাপ দিয়ে তৈরি।

তিনি বলেন, এই স্মার্টকার্ড প্রবাসীদের জন্য ইতালি, সৌদি আরব, আমেরিকা ও আবুধাবি চারটি দেশে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও ১১টি দেশে বিতরণ করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে আলাদা স্মার্ট জাতীয় পরিচয়পত্র করা হবে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন আইডিইএর প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।

খুলনা জেলায় বিভিন্ন পর্যায়ে প্রায় ২০ লাখ ভোটারের মধ্যে প্রায় ১০ লাখ ২০ হাজার ভোটার স্মার্টকার্ড পেয়েছেন। এবার প্রায় ৯ লাখ ব্যক্তির মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে।